চরিত্র সংশোধন (১০) কুম্বভাবের প্রতিষেধক


চরিত্র সংশোধনের সাধনা ও কুস্বভাব বর্জনের উপায়- (পর্ব - ১০)
📚সৌভাগ্যের পরশমণি ✍🏻ইমাম গাজ্জালী (রহঃ)

কুম্বভাবের প্রতিষেধক
কু-প্রবৃত্তি : কু-প্রবৃত্তিরূপ ব্যাধির একটিমাত্র মহৌষধ রহিয়াছে এবং কেহ এই মারাত্মক ব্যাধি হইতে আরোগ্য লাভ করিতে চাহিলে, তাহাকে এই ঔষধই সেবন করিতে হইবে । কু-প্রবৃত্তির বিরুদ্ধাচরণ করাই এই মহৌষধ । কু-প্রবৃত্তি যাহা চায় তাহার বিপরীত কার্য না করিলে ইহাকে বিনাশ করা যায় না । প্রত্যেক পদার্থই ইহার বিপরীত পদার্থকে ধ্বংস করে । উষ্ণতার প্রভাবে রোগ জন্মে, ঠান্ডা দ্রব্য ব্যবহারে ইহার উপশম হয় । সেইরূপ ক্রোধের প্রভাবে যে কুস্বভাব উৎপন্ন হয়, সহিষ্ণুতায় ইহার বিরাম হয় । অহঙ্কারের প্রাধান্যহেতু যে মন্দ স্বভাব উৎপন্ন হয়, নম্রতাই ইহার একমাত্র ঔষধ । কৃপণতা হইতে যে হীন ও জঘন্য স্বভাব জন্মে, দীন দরিদ্রদিগকে দান ও অন্যান্য সৎকার্যে ধন ব্যয় করিলে ইহা নিবৃত্ত হয় । উহা ছাড়া অন্যান্য সমস্ত বিষয়েও এই একই ব্যবস্থা প্রযোজ্য । সৎকার্য করিতে করিতে ইহার অভ্যাস যাহার হইয়া গিয়াছে, দেখা যায় যে, তাহার স্বভাব ততই উৎকৃষ্ট হইয়া উঠে । এই উদ্দেশ্যের প্রতি লক্ষ্য রাখিয়াই শরীয়তে সৎকার্যের আদেশ প্রদান করা হইয়াছে । মানব হৃদয়ে সদগুণ যোগ করিয়া দেওয়া এবং ইহার প্রতি তাহাকে উন্মুখ করিয়া তোলাই শরীয়তের লক্ষ্য ।
অভ্যাস মানবের দ্বিতীয় স্বভাব- মানুষ চেষ্টা করিয়া যেরূপ অভ্যাস করে, তাহাই বদ্ধমূল হইয়া তাহার স্বভাবগত হইয়া পড়ে । সেইজন্যই অভ্যাসকে মানবের দ্বিতীয় স্বভাব বলে । অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত হইয়াছে যে, শৈশবকালে বালক বালিকাগণ বিদ্যালয়ে গমন ও বিদ্যাভ্যাস করিতে চাহে না । কিন্তু বিদ্যালয়ে যাইতে তাহাদিগকে বাধ্য করিলে এবং বল প্রয়োগে তাহাদিগকে শিক্ষা দিতে আরম্ভ করিলে পরে ইহাই তাহাদের স্বভাবে পরিণত হয় । ক্রমে ক্রমে তাহারা বিদ্যার সুস্বাদ অধিক পরিমাণে ভোগ করিতে থাকে এবং আর কখনও বিদ্যাচর্চা হইতে বিরত থাকিতে পারে না । আরও দেখ, যে ব্যক্তি কবুতর উড়ানো, দাবা, জুয়া বা অন্য কোন প্রকার খেলাধুলায় অভ্যস্ত হয়, উহাই তাহার স্বভাবগত হইয়া যায় । তখন সে এই কার্যে এত মত্ত হইয়া পড়ে যে, জীবনের যাবতীয় সুখ-স্বাচ্ছন্দ্য, ধন-দৌলত ইহাতেই বিনাশ করিয়া ফেলে, কিন্তু তবুও ইহা পরিত্যাগ করিতে পারে না । এমন কাজ অনেক আছে যাহা প্রথমত স্বভাববিরুদ্ধ বলিয়া মনে হয় । কিন্তু সর্বদা সেই কাজ করিতে থাকিলে বিরুদ্ধভাব বিদূরিত হইয়া অবশেষে ইহাই স্বভাবে পরিণত হইয়া পড়ে । পরবর্তী পর্ব অভ্যাসে স্বভাবের বিকৃতি

Comments

Popular posts from this blog

চরিত্র সংশোধন (১৩) আন্তরিক ব্যাধির ঔষধ ও প্রয়োগ বিধি

চরিত্র সংশোধন (৮) ক্রোধ ও লোভকে আজ্ঞাবহ রাখার প্রতিবন্ধক