চরিত্র সংশোধন (২২) দুনিয়া বর্জনে মধ্যপন্থা
চরিত্র সংশোধনের সাধনা ও কুস্বভাব বর্জনের উপায়- (পর্ব - ২২)
দুনিয়া বর্জনে মধ্যপন্থা
ধন-সম্পত্তি ও যশ-প্রতিপত্তির আসক্তি ছিন্ন করিয়া ফেলিলে মন পাক-পবিত্র হইতে পারে । কিন্তু এই জড় জগতে জীবন ধারণের জন্য স্বাভাবিক ক্ষুৎপিপাসা ইত্যাদি যে সকল চিন্তা হইতে মানবমন একেবারে মুক্ত হইতে পারে না তৎসমুদয় মধ্যপথ গ্রহণ করা উচিত । তাহা হইলে মনের উপর উহাদের কোন প্রভাব আছে বলিয়াই মনে হইবে না । উপমাস্বরূপ, পানি কখনও শীততাপ হইতে সম্পূর্ণ শূন্য হইতে পারে না । কিন্তু মধ্যমাবস্থা প্রাপ্ত হইলে ইহাকে শীততাপশূন্য বলিয়া মনে হয় । মানব প্রবৃত্তি সম্পর্কে যে মধ্যপথ গ্রহণের নির্দেশ রহিয়াছে ইহাই তাহার তাৎপর্য । অতএব দুনিয়ার সকল সম্পর্ক ছিন্ন করিয়া মানবমন যেন কেবল আল্লাহতে নিমজ্জিত থাকিতে পারে তৎপ্রতি মানুষের যত্নবান হওয়া আবশ্যক । এইজন্যই আল্লাহ্ আদেশ করিয়াছেন “বল, আল্লাহ্, অনন্তর আর সমস্ত পরিত্যাগ কর ।” এই পবিত্র আয়াতে কলেমা “লা ইলাহা ইল্লাল্লাহ্ - এর হাকীকত বর্ণিত হইয়াছে । যাহা হউক, যাবতীয় দোষ-ত্রুটি ও মলিনতা হইতে সম্পূর্ণরূপে পাক-পবিত্র হওয়া মানুষের পক্ষে সম্ভবপর নহে । তাই আল্লাহ্ বলিতেছেনঃ “হে মানব, এমন তোমাদের মধ্যে কেহই নাই, যে ব্যক্তি সেই অবস্থার উপর দিয়া না গিয়াছে, এই বিধান তোমার প্রভু দৃঢ়ভাবে বিধিবদ্ধ করিয়াছেন” (সূরা মরিয়ম, রুকু ৫) ।
পরবর্তী পর্ব

Comments
Post a Comment