চরিত্র সংশোধন (৩৫) সৎস্বভাবের নিদর্শন
চরিত্র সংশোধনের সাধনা ও কুস্বভাব বর্জনের উপায়- (পর্ব - ৩৫)
সৎস্বভাবের নিদর্শন
আল্লাহ্ কুরআন শরীফে মুসলমানদের গুণরূপে যে সকল বিষয়ের উল্লেখ করিয়াছেন উহাই সৎস্বভাবের নিদর্শন । তিনি বলেন “নিশ্চয় মু’মিনগণ মুক্তি পাইয়াছে (অভীষ্ট লাভ করিয়াছে) সেই (মু'মিনগণ) যাহারা আপন নামাযের মধ্যে মিনতিকারী এবং অনর্থক (কাজ ও কথা) হইতে মুখ ফিরায় এবং যাহারা যাকাত পরিশোধ করে এবং যাহারা আপন লজ্জাস্থানগুলির রক্ষাকারী, কিন্তু নিজেদের স্ত্রীদের প্রতি অথবা তাহাদের হাত যাহাদিগকে অধিকার করিয়াছে (সেই) বান্দীদের প্রতি, নিশ্চয় তাহাদিগকে ভর্ৎসনা করা হয় নাই । অনন্তর যাহারা উহা ব্যতীত চেষ্টা করে অপিচ তাহারাই সীমালংঘনকারী এবং সেই (মু'মিন সকল) যাহারা নিজেদের আমানত দ্রব্যসমূহ ও নিজেদের অঙ্গীকার রক্ষা করে এবং যাহারা আপন নামাযসমূহ রক্ষা করিয়া থাকে এই সকল লোকই উত্তরাধিকারী” (সূরা মু'মিন রুকু ১) । আল্লাহ্ সৎস্বভাবের নিদর্শন সম্বন্ধে আরও বলেনঃ । “তওবাকারী ইবাদতকারী” ( সূরা তওবা, রুকু ১৪) । তিনি আরও বলেন “এবং সেই সকল লোক আল্লাহ্'র বান্দা যাহারা ভূতলে মৃদুভাবে পদবিক্ষেপ করিয়া নম্রতার সহিত চলে” ( সূরা ফুরকান, রুকূ ৬) । উল্লিখিতগুলিই মুসলমানের প্রকৃত গুণ এবং সৎস্বভাবের নিদর্শন । আর আল্লাহ্ মুনাফিকদের নিদর্শনাবলী বর্ণনাকালে যে সমস্ত দোষ-ত্রুটির উল্লেখ করিয়াছেন, উহা মন্দ স্বভাবের লক্ষণ ।
পরবর্তী পর্ব
মুমিন ও মুনাফিকদের তুলনা

Comments
Post a Comment